পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুর রহমান (৪৪) নামে এক পুলিশের এসআই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (০১ জুন) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
মৃত সাইদুর রহমান বরিশাল সদর থানার নবগ্রাম রোড এলাকার মৃত মোখছেদুর রহমানের ছেলে। তিনি কলাপাড়া উপজেলার মহিপুর থানায় কর্মরত ছিলেন।
জানা গেছে, এসআই সাইদুর রহমান থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে বাসায় নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুনায়েদ খান লেনিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইদুর রহমান স্ট্রোক করে মারা গেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মহিপুর থানায় জানাজার নামাজ শেষে তাকে পটুয়াখালী পুলিশ লাইন্সে পাঠানো হয়। সেখানে গার্ড অফ অনার প্রদান করে লাশ তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে












