spot_img
spot_img

দেশের মানুষের সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয় করুন : ইসলামী আন্দোলন

বিশ্ববাজারের সঙ্গে তাল মেলানোর নামে জ্বালানির দাম আবারও বাড়ানোর নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেছেন, বিশ্ববাজার নয়, দেশের মানুষের সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয় করতে হবে।

রোববার (৩১ মে) রাত ১২টার পর থেকে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর প্রেক্ষিতে তিনি এ বিবৃতি দেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “জ্বালানির দাম ওঠানামা করে। কিন্তু দেশে জ্বালানির দাম কেবলই বাড়ে। এর প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্যও শুধু বৃদ্ধি পায়। কখনোই জ্বালানির দাম কমতে দেখা যায় না। আবার জ্বালানির দাম বৃদ্ধির কারণে বেড়ে যাওয়া দ্রব্যমূল্যও কমতে দেখা যায় না।”

তিনি বলেন, “জ্বালানির ক্ষেত্রে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জনগণকে কেবল ঊর্ধ্বমুখী চাপে ফেলা হয়। সরকারের এমন গণবিরোধী আচরণের পুনরাবৃত্তি রোধ করতেই হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আরও বলেন, সামগ্রিক মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। নতুন সরকার আসার পর মানুষ আশায় বুক বেঁধেছিল। কিন্তু সেই আশার গুড়ে সরকার নিয়মিত বালি ছিটিয়ে যাচ্ছে।

তিনি বলেন, “বৈশ্বিক চাপসহ নানামুখী সমস্যা মোকাবিলা করার জন্যই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার যদি সব চাপ জনগণের ওপর চাপিয়ে দেয়, তাহলে সরকারের অপরিহার্যতা সম্পর্কিত ধারণা দুর্বল হয়।”

মাওলানা গাজী আতাউর রহমান সরকারকে উদ্দেশ করে বলেন, “মানুষের আর্থিক বোঝা লাঘব করুন।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ