জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার সঙ্গে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে।
তবে এ অভিযোগ কল্পনাপ্রসূত ও মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলেন তাসনিম জারা।
পোস্টে তিনি লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে, ‘তাসনিম জারার সঙ্গে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল।’ আরও দাবি করা হচ্ছে, ‘জারা চ্যানেল করে বিএনপির সঙ্গে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’
এসব দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা উল্লেখ করে তাসনিম জারা বলেন, ‘আমি বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে কখনো এমন কোনো আলোচনা করিনি। যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, তাদের কাছে প্রশ্ন করুন, কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না।’
এমন কিছু কখনো ঘটেনি উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে, নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?’











