কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধে সর্বাত্মক লকডাউন চলছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই ২১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীতে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। কোথাও কোনো ব্যত্যয় দেখলেই ব্যবস্থা নিচ্ছেন এই আদালত।
সকাল ১০ টার দিকে রাজধানীর শান্তিনগর মোড়ে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির একটি টিমকে যান চলাচল নিয়ন্ত্রণে দেখা যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বুধবার (১ জুলাই) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে বিধিনিষেধের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠপর্যায়ে প্রয়োজনীয়সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।











