শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জেলা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক হারুন অর রশিদকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে নালিতাবাড়ী শহরের নালিতাবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ওই ছাত্রলীগ নেতা গত ২৪ জুন তার নিজের ফেসবুক পেইজে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে ছোট রাজাকারের ছেলে বলে উল্লেখ করে। এছাড়া বেশ কিছু উস্কানিমূলক কথা লিখে পোস্ট করে। বিষয়টি আওয়ামী লীগ নেতাকর্মীদের দৃষ্টিগোচর হয়।
এরপর বৃহস্পতিবার সকালে ওই আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ নেতা হারুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে লিখিত আবেদন করেন। ওই আবেদনটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে গ্রহণ করে এবং একই দিন বেলা ১১টার দিকে পৌর শহরের নালিতাবাড়ীবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে নালিতাবাড়ী থানা পুলিশ শেরপুর আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে নিয়ে ফেসবুকে অরুচিকর ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।












