আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। বর্তমানে তেলের দাম বিগত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
সোমবার (৩১ জুলাই) অক্টোবরে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক শূন্য ২ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি হয় ৮৫ দশমিক ৪৩ ডলার। অপরদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ঠেকে ৮১ দশমিক ৮০ ডলারে।
তবে সোমবারের পর মঙ্গলবার (১ আগস্ট) দাম কিছুটা কমেছে। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অয়েল প্রাইস ডট কমের তথ্য বলছে, ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯৮ ডলারে। ডব্লিউটিআই ক্রুডের দামও কিছুটা কমে শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩৩ ডলারে।
রয়টার্স জানিয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুড এবং ডব্লিউটিআই উভয়ই বেঞ্চমার্কই চলতি বছরের এপ্রিলের শেষের দিকের তুলনায় সর্বোচ্চ স্তরে উঠে।
মূলত ওপেক এবং তার সহযোগী দেশগুলো জ্বালানি তেলের সরবরাহ কমানোর কারণে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। পাশাপাশি মার্কিন আমেরিকার তেলের চাহিদা বেড়ে যাওয়া দামে প্রভাব ফেলেছে।











