spot_img
spot_img

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয় যে, সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল (৩১ আগস্ট, ২০২৫, রবিবার) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ