ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আমেরিকার চাপ বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
সোমবার (৩১ আগস্ট) আরিয়ানা নিউজকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জাতিসংঘ ও কয়েকটি দেশের ওপর ওয়াশিংটন চাপ প্রয়োগ করছে, যাতে তারা কাবুলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এগিয়ে না নেয়।
মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “তারা হয়তো বিষয়টি প্রকাশ্যে বলে না বা ঘোষণা করেনি। তবে সামগ্রিকভাবে মনে হচ্ছে, জাতিসংঘ ও আরও কিছু দেশের ওপর চাপ দেওয়া হচ্ছে, যাতে তারা আমাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে না নেয়। অন্যথায় এতদিনে সম্পর্ক আরও এগিয়ে যাওয়ার কথা ছিল।”
তিনি বলেন, কিছু দেশ এখনো বিশ্বের বড় শক্তিগুলোর প্রভাবের অধীনে রয়েছে। এ কারণে তারা ইমারাতে ইসলামিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও অগ্রসর হতে পারছে না।
মাওলানা মুজাহিদ বলেন, “যেসব দেশ আমাদের সঙ্গে যুদ্ধে ছিল বা সংঘাতে জড়িত ছিল, অথবা যেসব দেশ এখনো ওই বড় শক্তিগুলোর প্রভাবের অধীনে রয়েছে, তারা স্বাভাবিকভাবেই সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রগতি করতে পারেনি। এর দায় আফগানিস্তানের নয়। যুদ্ধের সময় থেকে তাদের নীতিতেও কোনো পরিবর্তন আসেনি।”
এদিকে বিশ্লেষকরা বলছেন, এখনো অনেক দেশের পররাষ্ট্রনীতির ওপর আমেরিকার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তাদের মতে, ইমারাতে ইসলামিয়ার প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে আনুষ্ঠানিক স্বীকৃতির পথে আরও অগ্রগতি কঠিনই থাকবে।
তবে ইমারাতে ইসলামিয়া জানিয়েছে, তাদের পররাষ্ট্রনীতি অর্থনৈতিক স্বার্থকেন্দ্রিক এবং কাবুল বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ করতে চায়।
সূত্র : আরিয়ানা নিউজ











