বিএনপির কাউন্টার ভিশন কখনও আলোর মুখ দেখবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতিবাচক রাজনীতির জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ-আইইবিতে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ভিশন আর বিএনপির ভিশন এক নয়। গত নির্বাচনের আগে বিএনপি ভিশন-২০৩০ নামে যে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করেছিল, তা এখন ডিপ ফ্রিজে।
ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১, ২০৪১ ও ২১০০ যখন, যা করার দরকার তখন তিনি তাই করবেন। সব পরিকল্পনাই প্রধানমন্ত্রীর বিবেচনায় আছে।










