শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমরা প্রযুক্তিগত ব্যবস্থা নেয়ার কারণে গত চার বছরেও কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।
শনিবার (১ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবার দিনাজপুরে বোর্ডে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। একটি পরীক্ষা কেন্দ্রের সচিব অনেকগুলো প্রশ্নপত্রের প্যাকেট একসাথে করে নিয়ে গেছেন। এটি কি কারণে হয়েছে সে বিষয়ে তদন্ত হচ্ছে। এবং সেই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সূত্র : ইউএনবি











