রাজধানীর মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় মিরপুরে প্রথম ভবনটির নির্মাণকাজ শুরু হলো।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ভবনটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অনুষ্ঠানে মিরপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটারদের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানায়। পরে প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. ছরোয়ার হোসেন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পবিত্র কুরআন মাজীদ থেকে তিলাওয়াত করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।
মিরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. হাসিনুর রহমান সূচনা বক্তব্য দেন। পরে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন উইং) মো. নুরুজ্জামান হোসেন জহির, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ভবনের নকশাকার নূর-এ আসমানি, প্রকল্প পরিচালক মো. ছরোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ভবনটি নির্মাণ হলে ৪৪টি পরিবার ১ হাজার ২৫০ বর্গফুট আয়তনের বাসায় বসবাসের সুযোগ পাবে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের আবাসন প্রত্যাশা পূরণ হবে।
তিনি আরও বলেন, ভবনটিতে আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বসবাসের সুবিধাও এতে নিশ্চিত করা হয়েছে।
বক্তব্য শেষে প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে নির্মাণস্থলে প্রতীকী মাটি কেটে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে সবাই মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ফায়ার সার্ভিস, গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সরকারি উন্নয়ন প্রকল্পের তথ্য অনুযায়ী, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্পটি মিরপুর ও সদরঘাটে দুটি আবাসিক ভবন নির্মাণের জন্য নেওয়া হয়েছে।











