প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও বীর উত্তম শাহজাহান ওমর আজীবন বিএনপি করেছেন, তিনি আওয়ামী লীগকে মন থেকে ঘৃণা করতেন। বীর উত্তম শাহজাহানকে ব্ল্যাকমেইল করে শেষ পর্যন্ত নৌকায় উঠিয়েছেন। এভাবে জোর-জবরদস্তি করে মানুষকে নৌকায় উঠিয়ে সেই নৌকা গন্তব্যে নিয়ে যেতে পারবেন?
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নুর।
নুর বলেন, দুঃখজনক হচ্ছে, আজ যে নির্বাচনের নামে নাটক হচ্ছে, এই নাটক আওয়ামী লীগ করছে না। সরকার করছে না, বিদেশিরাও করছে না, বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কিছু ব্যক্তি নিজেদের টাকা পয়সা অর্থ বিত্ত ক্ষমতাকে ভোগ করার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক সাইনবোর্ডকে ব্যবহার করে এই সাজানো-পাতানো নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ৩৮টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আর বহির্বিশ্ব বলছে, নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হতে হবে। নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে এর ভুক্তভোগী হব আমরা জনগণ। সাধারণ শ্রমিকদের জন্য রাষ্ট্র সুচিকিৎসা দিতে পারেনি।










