বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে এগিয়ে নিতে আমরা শুধু পরিকল্পনাই করছি না, সেটা বাস্তবায়নও করছি।
বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘এনএসটি ফেলোশিপ’ ও ‘বিশেষ গবেষণা অনুদান’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
নতুন প্রজন্মকে এই এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখানে থামলেই চলবে না। আমরা কারো থেকে পিছিয়ে থাকবো না। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলবো। গড়ে ওঠবে দক্ষ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন স্মার্ট জনগোষ্ঠী।
গবেষণার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা আরও বলেন, যতবেশি গবেষণা বাড়বে ততবেশি জাতি হিসেবে এবং অর্থনৈতিক উন্নয়নে আমাদের দেশের মানুষ অবদান রাখতে পারবে। আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, আমিষ উৎপাদনে আমরা সফলতা অর্জন করেছি। সবই গবেষণার ফসল।
পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদের বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। সেই সঙ্গে সারা দেশের মূল্যস্ফীতির প্রভাব পড়েছে। সব বাধা মোকাবিলা করেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
প্রযুক্তির ব্যবহারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী তিনি বলেন, আসছে চতুর্থ শিল্পবিল্পবে আমাদের প্রযুক্তি ব্যবহার করতে হবে। এজন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার। আবার আমাদের শ্রমগুলো শিল্প করা দরকার কারণ, বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান করতে হবে।
স্বাস্থ্য খাতে গবেষণা খুব সীমিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের যারা ডাক্তার হন তারা পরে হয় পুলিশে চলে যান নাহলে রাজনীতি করেন। তখন ডাক্তারি ও করেন না গবেষণাও করেন না। আবার অনেক ডাক্তার সরকারি চাকরিও করেন আবার প্রাইভেটেও বসেন। তখন কিন্তু আর গবেষণা করা হয়না।











