খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ডের মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) নির্দেশ দিয়েছেন। খুব শিগগিরই কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হবে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নওগাঁর পোরশা উপজেলার কপালির বাজারে চলমান খোলাবাজারে বিক্রয় কার্যক্রমের (ওমএসএস) আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমানে দেখা যাচ্ছে কেউ একাধিকবার ওএমএস-এর চাল নিচ্ছেন। আবার অনেকে একবারও পাচ্ছে না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এই প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএস-এর চাল কিনতে পারবে।
চালের দাম কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমনের উৎপাদন ভালো হয়েছে। দেশে চালের অনেক মজুত রয়েছে। এছাড়া বোরো ফসলের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক ন্যায্যমূল্য পাবে না। কৃষক যেন ন্যায্যমূল্য সেদিকে লক্ষ্য রাখতে হবে।
নিম্ন আয়ের মানুষের কোনো সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের জন্য ওএমএস-এ ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আর মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লাখ পরিবার প্রতি মাসে একবার করে ৩০ কেজি চাল পাবে।











