ইরানে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও তীব্র হয়েছে। বাহরাইন, কুয়েত, কাতার ও আমিরাতে একের পর এক সাইরেন, বিস্ফোরণের শব্দ এবং আকাশ প্রতিরক্ষা তৎপরতার খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলেও বিমান হামলার তথ্য সামনে এসেছে।
সোমবার (২ মার্চ) সাম্প্রতিক কয়েক ঘণ্টায় এসব ঘটনা ধারাবাহিকভাবে সামনে আসে। এ সময় কুয়েতে অন্তত তৃতীয়বারের মতো বিমান হামলার সতর্কতার সাইরেন বেজে উঠে, দোহায় পরপর জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আবুধাবিতেও নতুন বিস্ফোরণের খবর পাওয়া যায়।
প্রথমে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটিতে বিমান হামলার সতর্কতা চালু করা হয়েছে। বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মানামাকে আশপাশের শহরের সঙ্গে যুক্ত করা শাইখ খলিফা বিন সালমান সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেবল প্রধান সড়ক ব্যবহার করতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। এর আগে প্রতিবেশী কাতারের রাজধানী দোহাতেও প্রায় অর্ধডজন বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কুয়েতে অবস্থানরত সংবাদদাতারা জানিয়েছেন, দেশটিতে আবারও বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এটি অন্তত তৃতীয়বারের মতো এমন সতর্কতা। এর আগে কুয়েতি কর্তৃপক্ষ জানায়, রাজধানীমুখী ড্রোনগুলোর বেশিরভাগই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।
কাতারের রাজধানী দোহায়ও প্রায় অর্ধডজন জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ইরানের হামলা অব্যাহত থাকার ইঙ্গিত মিলছে।
অন্যদিকে, ইরাকি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় বিমান হামলা হয়েছে। তবে এ বিষয়ে তারা আর বিস্তারিত কিছু জানায়নি।











