রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, রাজধানী ঢাকার যানজট নিরসনে ট্রাফিক-ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানেন।
সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। গতকাল রোববারও সচিবালয়ে অফিস করেছেন তিনি।
আতিকুর রহমান রুমন জানান, শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী স্থপতিদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের মতামত শুনেছেন।
এছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।এই সময়ে মন্ত্রীদের সঙ্গে ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও ছিলেন।











