spot_img

বিরোধী দল থেকেই ডেপুটি স্পিকার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে প্রার্থী দিতে আহ্বান জানিয়েছে সরকারি দল বিএনপি।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। এই সনদের প্রতি সম্মান জানিয়ে রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব করা হয়েছে। স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকারও নির্বাচন হতে পারে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে প্রধান বিরোধী দলকে প্রার্থী ঠিক করার জন্য সরকারের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার। এরই অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি রয়েছে। আমরা প্রধান বিরোধী দলকে মৌখিক সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন।’

সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার—দুটি পদেই প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের খাতিরে সরকার তা করছে না বলে ইঙ্গিত দেন সালাউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদের যে সমঝোতা করা হয়েছে, সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজন করার কথা উল্লেখ আছে, যার একটি বিরোধী দল পাবে। ঠিক এভাবে বলা না থাকলেও (বর্তমান কাঠামোতে) একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।’

এদিকে অন্তর্বর্তী সরকারের আমলের ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিয়ম অনুসারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে জাতীয় সংসদের প্রথম দিনে অধ্যাদেশগুলো উপস্থাপন করার। তাই সেগুলো সংসদে উপস্থাপিত হবে। তবে এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না, তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।’

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ