আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর নির্বাচন উপলক্ষে গঠিত টিমের প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গাজীপুরের নির্বাচন আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ
মঙ্গলবার (২ এপ্রিল) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
মায়া বলেন, গাজীপুরের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন সুষ্ঠু ও আবাদ করতে গেলে বিশাল কর্মিবাহিনী দরকার। তাই আমরা গাজীপুরের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে জয়লাভ করতে চাই। ভোটের মধ্য দিয়ে জয়লাভ করতে চাই।
তিনি বলেন, কেউ যেন সন্ত্রাস, অগ্নিসংযোগ ও আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে নির্বাচনে বাধার সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, গাজীপুর সিটি নির্বাচন পরিচালনার জন্য থানাভিত্তিক ও সেন্টারভিত্তিকও কমিটি হবে। প্রত্যেকে যেন ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করতে চাই।
এ সময় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আলোচিত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের বিষয়ে আওয়ামী লীগ মাথা ঘামাচ্ছে না বলেও জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।











