ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০০ জন।
শুক্রবার (২ জুন) স্থানীয় সময় রাত ৭ টা ২০ মিনিটে বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার স্টেশন এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দুপুর ৩টা ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সোয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা আদিত্য চৌধুরী বলেন, বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেসে কিছু একটা হয়েছে। আমরা বিস্তারিত জানতে পারিনি। জানার চেষ্টা করছি। জানামাত্রই জানানো হবে।
রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল। পথে লাইনচ্যুত হয়ে আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। ওই ট্রেনটি বেঙ্গালুরু থেকে কলকাতা যাচ্ছিল।
সূত্র : আনন্দবাজার











