গণঅধিকার পরিষদের একটি অংশের নেতৃত্বে থাকা ড. রেজা কিবরিয়া বলেছেন, মোসাদের সাথে আলোচনার কথা আমাদের কাছে নুর স্বীকার করেছে। সরকার ও গোয়েন্দা সংস্থার উচিত নুরকে জিজ্ঞাসাবাদ করা। তার বিষয়টি রহস্যজনক। তাকে গ্রেফতার করা উচিত।
রবিবার (২ জুলাই) গুলশানের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ড. রেজা কিবরিয়া বলেন, নূর বিশ্বাসঘাতক। তিনি সারাদেশের যুবসমাজের সাথে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। নুর সরকারের ইন্ধনে অনেক কিছু করে, তাই তার প্রতি অন্যরকম আচরণ করছে সরকার।
তিনি বলেন, সবাই জানে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের সদস্য সচিবের দুবাইতে মিটিং হয়েছে। দুবাই ও শারজাহর মাঝখানে একটি কফি শপে তাদের বৈঠক হয়েছে। গত জুনের ১৮ তারিখে হওয়া মিটিংয়ে আমাদের সামনে এই কথা স্বীকার করেছে নুরুল হক নুর। এছাড়াও দুবাইতে যে গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেছে সেই আমাকে এই বিষয়ে বলেছে।
বিএনপি ভাঙার কোনো ইচ্ছা বা শক্তি আমার নেই উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, আমি চাই বিএনপি একসাথে থাকুক। এটা ভাঙলে আওয়ামী লীগের লাভ, আমি তাদের লাভ চাই না। বরং নুরই বিএনপিকে ভাঙার পাঁয়তারা চালিয়েছিল।
নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করবেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমাকে পদ থেকে সরানোর জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যে ভোট দরকার, তা হয়নি। যার ফলে মিথ্যা স্বাক্ষর দিয়েছে, এটা তার অপরাধ।










