ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আজ বুধবার (২ আগস্ট) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করেন চেয়ারম্যান মুহাম্মাদ নূরুল আমিন। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে।
গত জুলাই মাসে ৭৫ টাকা কমেছিল এই দর। আজ বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দর কার্যকর হবে।
চলতি মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৪০ টাকা। গত জুলাই মাসে এই দাম ছিল ৯৯৯ টাকা। ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভোক্তা পর্যায়ে।
বিইআরসির নতুন দর বলছে, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৯৪ টাকা ৯৬ পয়সা, যা গত মাসে ছিল ৮৩ টাকা ২১ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।











