মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

প্রক্রিয়া চূড়ান্ত; শীঘ্রই নতুন সরকারের ঘোষণা দিতে যাচ্ছে তালেবান

শূরার বৈঠকে প্রক্রিয়া চূড়ান্ত করার পর আমেরিকার কব্জা থেকে সদ্য স্বাধীনতা অর্জন করা নিজেদের ইমারাতে ইসলামিয়্যাহ আফগানিস্তানের নতুন সরকার গঠন চূড়ান্ত করেছে তালেবান।

বুধবার (১ সেপ্টেম্বর) তালেবানের রাজনৈতিক শাখার নেতা ও সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামাঙ্গানী এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি বলেন, কেবিনেট এবং নতুন সরকার গঠন বিষয়ক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শীঘ্রই নতুন ইসলামী সরকারের ঘোষণা দেওয়া হবে। আমাদের ঘোষিত নতুন ইসলামী সরকার সর্বস্তরের জনগণের জন্য আদর্শ হবে, ইনশা আল্লাহ। গঠিত নতুন সরকারে আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদার থাকার বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনিই নতুন সরকারের নেতা হবেন এবং একে প্রশ্নবিদ্ধ করা কারো উচিত নয়।

নতুন সরকার গঠন চূড়ান্ত হওয়ার কথা জানালেও আফগান শাসন করতে যাওয়া তালেবান তাদের নতুন সরকার ব্যবস্থার নাম কী হতে পারে কিংবা দেশের পতাকা কেমন হবে বা জাতীয় সঙ্গীতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি বলে জানায়।

তালেবানের বিবৃতিতে জানা যায়, নতুন সরকার ব্যবস্থার নাম, দেশের পতাকা ও জাতীয় সঙ্গীত ইস্যুতে জনসাধারণের মতামত সভা এখনো অনুষ্ঠিত হয়নি। জনসাধারণের সাথে মতামত সভার পর এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে অনানুষ্ঠানিকভাবে তালেবানের রাজনৈতিক বিশ্লেষক মুহাম্মাদ হাসান হাক্বয়ার টলো নিউজকে জানান, গঠিত নতুন সরকারে প্রধানমন্ত্রীর পদ অন্তর্ভুক্ত করতে যাচ্ছে তালেবান।

তিনি বলেন, আফগানের নতুন সরকার ব্যবস্থা প্রজাতন্ত্র কিংবা আমিরাত নাম ধারণ না করে ইসলামী সরকার টাইপের কোনো নাম ধারণ করতে যাচ্ছে। আর আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা ওই সরকারের নেতৃত্বে থাকলেও প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হবেন না। বরং তিনি হবেন পুরো আফগানিস্তানের নেতা। দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার তত্ত্বাবধানে কাজ করবেন।

এখনো পরিপূর্ণভাবে সরকার গঠন না করলেও ইতিমধ্যে দেশের প্রতিটি প্রদেশ ও জেলায় গভর্নর, পুলিশ চীফ ও কমান্ডার নিয়োগ দিয়েছে তালেবান।

তালেবান সদস্য আব্দুল হান্নান হাক্কানী বলেন, প্রতিটি প্রদেশেই ইমারাতে ইসলামিয়্যাহ সক্রিয় হয়ে গিয়েছে। প্রতিটি প্রদেশেই নিয়োগকৃত গভর্নররা তাদের কাজ শুরু করে দিয়েছেন। প্রতিটি জেলা ও প্রদেশে জেলা গভর্নর ও পুলিশ চীফ নিয়োগ করা হয়েছে। তারা সেখানকার জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।

সূত্র: টলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ