spot_img

সরকার রাজনীতির সকল শিষ্টাচার ভঙ্গ করেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকার রাজনীতির সকল শিষ্টাচার ভঙ্গ করেছে। রাজনীতিতে একটা শৃংখলা ও সম্মানবোধ ছিলো। কিন্তু এই সরকার সকল শৃংখলা ও নিয়ম নষ্ট করে ফেলেছে। এখন মাদকসেবীর যে সম্মান রাজনীতিবিদদের সেটাও নেই। মাহমুদুর রহমান মান্নার সাথে যে আচরণ করা হয়েছে- তা অত্যন্ত নিদারুণ, নিষ্ঠুর এবং নিন্দনীয়।

শনিবার (২ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার লেখা ‘কারাগারে বাইশ মাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মান্না ভাই যে বই লিখেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। লেখকের যে অন্তর্দৃষ্টি সেটা প্রতিফলিত হয়েছে তার বইয়ে। তবে বইয়ের ভেতরে জিয়াউর রহমান ও স্বৈরাচার এরশাদকে নিয়ে যে তুলনা করা হয়েছে এটা ঠিক নয়। জিয়াউর রহমান ও এরশাদ কখনোই এক হতে পারে না।

কারণ জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার। বাকশালের গুহা থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন জিয়াউর রহমান। তিনি জীবনের ঝুঁকি মোকাবিলা করে যুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে দেশের সকল উন্নয়নের রূপকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ