spot_img
spot_img

গাজ্জার পরিস্থিতি সবার জন্য লজ্জার: ম্যাখোঁ

গাজ্জায় শান্তি প্রতিষ্ঠার দাবি করা হলেও সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। উপত্যকাটির পরিস্থিতিকে সবার জন্য লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ম্যাখোঁ বলেন, কেউ কেউ গাজ্জায় শান্তি প্রতিষ্ঠার দাবি করছেন। অথচ সেই শান্তির ঘোষণার পরও সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য একটি করিডরও পুনরায় চালু হয়নি।

গাজ্জার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গাজ্জার মানুষের দুর্দশার মুখে নিষ্ক্রিয় থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা কোথায় থাকে? সবার জন্য লজ্জাজনক এই পরিস্থিতি কি বিশ্ব কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে?

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের একই মঞ্চে তাঁর গাজ্জা শান্তি পরিকল্পনাকে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরার কয়েক ঘণ্টা পর ম্যাখোঁ এ মন্তব্য করেন।

এর আগে ট্রাম্প দাবি করেন, তাঁর উদ্যোগে গাজ্জার যুদ্ধ শেষ হয়েছে এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা পেয়েছে। তবে ম্যাখোঁ শান্তির এই দাবির সঙ্গে উপত্যকাটির মানবিক পরিস্থিতির বৈপরীত্য তুলে ধরেন।

ফরাসি প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন, এক বছর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সসহ প্রায় এক ডজন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

তিনি বলেন, কেউ কেউ সেই স্বীকৃতিকে নিছক কাগুজে সিদ্ধান্ত বলে উপহাস করেন। কিন্তু গাজ্জার পরিস্থিতির মুখে নিষ্ক্রিয় থাকলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়ে।

ভাষণে অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ম্যাখোঁ। সেখানে প্রতিদিন ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

তাঁর মতে, পশ্চিম তীরে চলমান এসব কর্মকাণ্ড ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব ও বৈধ অধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্রমেই দুর্বল করছে।

ম্যাখোঁ আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের মাধ্যমে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে যারা মনে করেন, তাঁরা ভুল করছেন। বরং এ ধরনের কর্মকাণ্ড বর্তমান ও ভবিষ্যতে ইসরাইলের নিরাপত্তাকেই দুর্বল করছে।

ফরাসি প্রেসিডেন্ট জাতিসংঘ ও বহুপক্ষীয় আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছে, যেখানে আন্তর্জাতিক আইন ও সহযোগিতার পরিবর্তে শক্তি প্রয়োগের প্রবণতা প্রাধান্য পাচ্ছে।

এদিকে ম্যাখোঁর সমালোচনার জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি দাবি করেছেন, ট্রাম্প ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ শেষ করেছেন এবং গাজ্জায় তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র: রয়টার্স।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ