বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থাটা এখন বিনষ্ট হয়েছে। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারে না। সে কারণেই আমরা গত নির্বাচনগুলো বর্জন করেছি।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা প্রথম থেকেই স্থানীয় সরকার নির্বাচন দলগতভাবে করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করলে গ্রামীণ রাজনীতি পুরোপুরি বিভক্ত হয়ে যায়। দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছে সেখানে কোনো বাধা থাকবে না।
তিনি বলেন, সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি কিন্তু সরকার কোনো কিছুই গ্রহণ করেনি। সে কারণেই আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া মির্জা ফখরুল বলেন, উনাকে নিজের এবং দলের চেহারা আয়নায় দেখা উচিৎ। তারা জনগণের সঙ্গে প্রতারণার মাধ্যমে রাতে নির্বাচন করে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহারের মাধ্যমে জোর কারে ক্ষমতা দখল করে রয়েছে।











