আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের আস্থা নষ্ট করতে এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার জন্য সাম্প্রদায়িক হামলা হয়েছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শেখ হাসিনা টানা ১২ বছর ধরে এদেশের নেতৃত্ব দিয়ে আসছেন। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের ধর্মীও কোনো অনুষ্ঠানে হামলা ও দুর্ঘটনা হয়নি। কিন্তু এখন নির্বাচনকে সামনে রেখে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে একটি দল। আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের যে আস্থা তা নষ্ট করার জন্য ও পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার জন্য এ ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে নোয়াখালীর চৌমুহনী পৌর মিলনায়তনে আমেনা নূর ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত মানবিক সহায়তা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ভোট এলেই হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়াকান্না করি, হিন্দুদের দরদ দেখাই, কিন্তু তাদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? এ প্রশ্ন আপনাদের প্রত্যেকের বিবেকের কাছে আমি রেখে গেলাম।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের এত বড় সংগঠন, এত কর্মী বাহিনী। কুমিল্লার ঘটনার পরদিন, চৌমুহনীর ঘটনা ঘটেছে। যদি কঠোরভাবে সতর্কতা আপনারা অবলম্বন করতেন, আওয়ামী লীগ সতর্ক থাকলে এদের এত দুঃসাহস হতো? এ রকম তাণ্ডব চৌমুহনীতে তারা করে গেল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এতগুলো মণ্ডপ চৌমুহনীতে জ্বালিয়ে-পুড়িয়ে দিলো, আপনারা কী নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিলেন? একটা প্রতিরোধও তো হলো না। এটা নোয়াখালীর সন্তান হিসেবে আমাকে দুঃখ দিয়েছে। আমি নিজেও লজ্জা পেয়েছি। কী জবাব দেবো আজকে হিন্দু সম্প্রদায়কে।
ওবায়দুল কাদের বলেন, কুমিল্লার ঘটনার পর সারাদেশের নেতাকর্মীরা সর্তক থাকলে অন্যান্য জায়গায় এসব ঘটনা ঘটতো না। আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও সর্তক থাকলে সাম্প্রদায়িক ঘটনা করার সাহস পেত না। এই ঘটনায় আওয়ামী লীগের যে ব্যর্থতা আছে তা খুঁজে বের করতে হবে। বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের লোক অভয়ে থাকবে। কেন তারা দেশ ছাড়বে, তারা তো মুক্তিযুদ্ধ করেছে। জীবন দিয়েছে, এই দেশে থাকার তাদেরও অধিকার আছে। তারাও এদেশের প্রথম শ্রেণির মানুষ।











