হযরত হাফেজ্জী হুজুর রহ. ও মাওলানা শাহ আবরারুল হক হারদুয়ী রহ.-এর সুযোগ্য খলিফা প্রফেসর মুহাম্মাদ হামিদুর রহমান রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, অসংখ্য আলেম-ওলামার আধ্যাত্মিক রাহবার প্রফেসর মাওলানা হামিদুর রহমান রহ. এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি হক ও ন্যায়-নীতির ওপর অটল-অবিচল একজন বরেণ্য ও প্রথিতযশা নিষ্ঠাবান আলেমে দ্বীন ছিলেন। তিনি যেকোনো ইসলামবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টার দায়িত্ব দক্ষতার সাথে পালন করে গেছেন। তাঁর ইন্তেকালে ইসলামী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কখনও পূরণ হওয়ার নয়। ইতিহাস তাঁর অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।
তারা আরো বলেন, আলেমদের সহবত তাকে অন্যন্য উচ্চতায় আসীন করেছিলো। তিনি আলেমদের জন্য বাস্তব নববী আদর্শে পরিণত হয়েছিলেন। অসংখ্য আলেম আধ্যাত্মিক রাহবার হিসেবে তার হাতে বায়াত গ্রহণ করেছেন। উম্মাহ দরদী এই রাহবার নিজের কর্মময় জীবনে ইসলামের বহুবিদ খেদমত আঞ্জাম দেওয়ার মাধ্যমে আমাদের জন্য তৈরি করে গেছেন আকাবির উলামায়ে কেরাম ও দেওবন্দী সিলসিলার অসীম ফুয়ুজ ও বরকতের আধ্যাত্মিক ধারা।
নেতৃদ্বয় আরো বলেন, তিনি চলে গেলেও তাঁর কর্মময় জীবনের বিভিন্ন খেদমত ও শিক্ষার মাধ্যমে আমাদের মাঝে তাঁর ফুয়ুজ ও বরকতের ধারা আজীবন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দরবারে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকার্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমের জিন্দেগীর সমস্ত ভুল-ভ্রান্তি ক্ষমা করে জান্নাতের আ’লা মাক্বাম দান করুন আমীন।











