spot_img
spot_img

ফ্রান্সের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সমাপ্ত করল চাদ; চলে যেতে হবে ফরাসি সৈন্যদের

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির সমাপ্তি ঘোষনা করেছে মধ্য আফ্রিকার ভূমিবেষ্টিত (ল্যান্ডলক) দেশ চাদ। ফলে বুরকিনা ফাসো, নাইজার ও মালির মত চাদও ছাড়তে হতে পারে ফরাসি সৈন্যদের।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালে ফরাসি সরকারের সাথে করা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির সমাপ্তি ঘোষনা করেছে চাদ প্রজাতন্ত্র। বিষয়টি চাদের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সকল অংশীদারিত্বকে জানানো হয়েছে।

প্রতিরক্ষা চুক্তি বাতিলের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, কৌশলগত অংশীদারিত্বকে নতুন করে ঢেলে সাজানোর উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, চাদে বর্তমানে প্রায় ১ হাজার ফরাসি সৈন্য রয়েছে। পাশাপাশি রয়েছে ফরাসি যুদ্ধবিমান। দেশটি সাম্প্রতিক সময়ে রাশিয়ার দিকে বেশ ঝুঁকে পড়েছে। এতে পশ্চিমা প্রভাব কমে এসেছে দেশটি থেকে।

উল্লেখ্য, আয়তনের দিক থেকে আফ্রিকার পঞ্চম বৃহত্তম দেশ চাদ। দেশটির উত্তর অংশে মুসলিম ও দক্ষিণ অংশে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস। স্বাধীনতার পর থেকে সেখানে অস্থিরতা বিরাজমান ছিল।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ