সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে অবস্থান করছে। এক নম্বরে থাকাতে বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনী কি ধরনের পারফরম্যান্স করছে।
রবিবার (২ জানুয়ারি) বি.বাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘির পাড়ে চার শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমাদের প্রতিরক্ষামন্ত্রী। তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা করা দরকার সবকিছু করছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছা সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষণে আমাদের আরও মনোযোগী হতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর সক্ষমতা অর্জনে যা যা করা প্রয়োজন তা আমরা বৃদ্ধি করছি। এটা আমরা করে যাবো। এটি চলমান প্রক্রিয়া।










