ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনে জানিয়ে দিলেন বাইডেন। রাশিয়া যদি তাদের আক্রমণ করে, তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না। আমেরিকা ও তার শরিকরা নির্ণায়ক জবাব দেবে।
রাশিয়া ইউক্রেন সীমান্তে লাখো সেনা জড়ো করেছে। ইউক্রেন, আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর অনুরোধ সত্ত্বেও তারা সেনার সংখ্যা কমাচ্ছে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে একাধিকবার কথা বলেছেন বাইডেন। তারপরেও উত্তেজনা কমেনি।
দিন কয়েক আগেই পুতিনের সাথে ফোনে কথা বলেছিলেন বাইডেন। সেখানে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তারপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বাইডেন আবার জানিয়ে দিলেন, ইউক্রেন আক্রান্ত হলে আমেরিকা চুপ করে বসে থাকবে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, বাইডেন বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করার বিষয়ে আমেরিকা দায়বদ্ধ।











