বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ এক সময় ছিল ক্ষুধা, দারিদ্র্য, অসুখ-বিসুখ ও বঞ্চনার দেশ। দারিদ্র ছিল মানুষের নিত্যসঙ্গী। প্রধানমন্ত্রীর দুঃসাহসিক নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে যুক্ত হয়েছে। এক সময় বাংলাদেশকে বিদেশ থেকে ঋণ নিতে প্যারিস কনসোর্টিয়ামে দেনদরবার করতে হতো। এখন আমরা অনেক দেশকে ঋণ দিতে সক্ষম। দক্ষিণ এশিয়ার অনেক দেশকে অর্থনৈতিক ও সামাজিক সূচকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সোমবার (৩ জানুয়ারি) রাজশাহী জেলা পুলিশের ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. বেনজীর বলেন, বাংলাদেশ পুলিশকে উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্য তিন হাজার প্রার্থীকে কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছে। পরিবর্তিত পদ্ধতিতে কনস্টেবল নিয়োগ এক মাইলফলক হয়ে থাকবে। সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদেরও নিয়োগবিধি সংশোধন করা হয়েছে। বিসিএসের মাধ্যমে এএসপি নিয়োগ প্রক্রিয়ায়ও আমরা পরিবর্তন আনছি।
তিনি বলেন, দুর্নীতিকে এক দুষ্ট ক্ষত। বাংলাদেশ পুলিশে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। এক্ষেত্রে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।










