spot_img

সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে সপ্তাহব্যাপী সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউনে মালবা‌হী ব্যাতিত যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

শনিবার (০৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনের কারণে সোমবার সকাল ৬টা থেকে সারা দেশের সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজ চলাচল করবে।

এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, মহামারি সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা আসছে। তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা রেখে সোমবার কিংবা মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে লকডাউন দেওয়ার বিষয়ে কাজ চলছে। সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ