গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৩৬ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৩ হাজার ৮১৭ জনে।
রোববার (৩ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে দৈনিক ও মোট শনাক্ত, মৃত্যু এবং সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ লাখ ৭ হাজার ৮০২ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী কমেছে তিন লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৭ লাখ ১৫ হাজার ৭৯৩ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, জার্মানি, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও ইতালির মতো দেশগুলো।











