খাদ্য ও জ্বালানি সংকটের বিরুদ্ধে জনবিক্ষোভের পরে শ্রীলঙ্কা সরকার ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে। একই সঙ্গে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) ব্যবহারও বন্ধ করে রেখেছে সরকার।
শনিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়া কারফিউ চলবে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত।
কর্তৃপক্ষের লিখিত অনুমতি না থাকলে সড়কে, পার্কে, ট্রেনে বা সমুদ্রতীরে যেতে নিষেধ করে নোটিশ জারি করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
এ ছাড়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সোশ্যাল মিডিয়া সাইটগুলো বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া হোয়াটসঅ্যাপও ব্যবহার করা যাচ্ছে না। মোবাইলফোন ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরা ফোনে বার্তা পেয়েছেন যে, ‘টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের নির্দেশ অনুসারে’ হোয়াটসঅ্যাপ বন্ধ রয়েছে।
গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের কাছে জনবিক্ষোভের একপর্যায়ে যানবাহনে আগুন দেওয়ার অভিযোগের পরে নতুন বিক্ষোভ ঠেকাতে কঠোর বিধিনিষেধের পথে হেঁটেছে শ্রীলঙ্কার সরকার।










