বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কোথাও যদিও চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায় তাহলে আমার নম্বরটি নিন। কোন কোন পয়েন্টে চাঁদাবাজি হচ্ছে আমাকে জানান, আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো।
রোববার (৩ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পণ্যের দাম বেড়েছে বলেই আমরা বারবার বাজারে আসছি, ব্যবসায়ীদের সঙ্গে বসছি। বাজারে পাইকারিতে তেমন সমস্যা না থাকলেও খুচরা-পাইকারিতে দামের বেশ পার্থক্য রয়েছে।
তিনি বলেন, চালের বাজারে কিছুটা অসঙ্গতি দেখেছি। পাইকারিতে মোটা চাল ৪৩-৪৪ টাকা, খুচরায় সেটা আরও বাড়বে। তবে এখন আর মোটা চাল কেউ খান না। রিকশাচালকও চিকন চাল খোঁজেন। আমরা খুচরায় আরও মনিটরিং বাড়াতে চাই, এ জন্য কাজ করবে টাস্কফোর্স।
টিপু মুনশি বলেন, ঢাকায় বেগুন ৫০ টাকা আর রংপুরে ১৫ টাকা। আমরা ভোররাতে ট্রাক বাজারে আসার সময় মনিটরিং বাড়াতে চাই। এতে বোঝা যাবে দামের পার্থক্য।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহ আপনাদের মাফ করবেন না। যেখানে উৎসবের সময় বিশ্বের সব দেশে দাম কমে, আমাদের এখানে দাম বাড়ানো হয়। আমাদের প্রতিবেশী ভারতে পূজায় বিভিন্ন পণ্যের দাম কমে আর আমাদের এখানে সিয়াম-সাধনার মাসে দাম বাড়ানো হয়েছে। তবে কি আল্লাহ আপনাদের মাফ করবেন?










