নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উদয়পুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার কায়সার কামাল বড়খাপন ইউনিয়নের গুড়াডুবা হাওড়ে নির্মাণাধীন একটি বাঁধ পরিদর্শনে যাচ্ছিলেন। পথে উদয়পুর বাজার এলাকায় ডেপুটি স্পিকারকে অভ্যর্থনা জানানোর জন্য উদয়পুর মিতালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয়। শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিষয়টি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন কায়সার কামাল। তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে কায়সার কামাল বলেন, পড়াশোনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো ঠিক নয়। তিনি বলেন, কে মন্ত্রী বা এমপি, এটা বড় বিষয় নয়। প্রয়োজন হলে আমরা নিজেরাই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।
ডেপুটি স্পিকার জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ আগে জানালে তিনি নিজেই সেখানে যেতেন। শিক্ষার্থীদের এভাবে ব্যবহার করা উচিত হয়নি এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটাতে শিক্ষকদের সতর্ক করেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।











