হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়া (রহ.)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
আজ শনিবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া (রহ.) ছিলেন একাধারে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদের সভাপতি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের সহ-সভাপতি এবং উল্লেখযোগ্য অসংখ্য মসজিদ-মাদরাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।
মহাসচিব আরো বলেন, আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ. ইলমে নববীর নিবেদিত খাদেম ছিলেন। প্রচণ্ড মেধাবী, বিদগ্ধ গবেষক, অত্যন্ত নম্র, ভদ্র বিনয়ী ও যুগসচেতন উম্মাহর দরদী একজন আবেদ ও বুজুর্গ ছিলেন। তাঁর কর্মমুখর জীবনের সবচেয়ে বেশি সময় কেটেছে তা’লিম-তারবিয়্যাহ ও কাদিয়ানী বিরোধী আন্দোলনে। ঈমান-আক্বীদা সংরক্ষণ, ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা সর্বদা রেখে গেছেন। এছাড়া উম্মুল মাদারিস হাটহাজারীর মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর নিষ্ঠা ও দক্ষতার সাথে পরিচালনা করার মাধ্যমে অল্প দিনের মধ্যে যোগ্যতার সাক্ষর রেখেছেন।
তাঁর ইন্তেকালে আমাদের অঙ্গনে যেই শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতের আ’লা মাক্বাম দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সুধী-শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও ছাত্রদের সবরে জামিল দান করুন, আমীন।











