বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জনগণকে সাথে নিয়ে দল নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এবং গণআন্দোলনের মুখে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে, ইনশাআল্লাহ।
রবিবার (২ জুলাই) জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক ভার্চুয়ালি আয়োজিত জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান কর্মীদের উদ্দেশে আরো বলেন, কর্মীদের ব্যক্তিগত মান উন্নয়ন করতে হবে এবং কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি জামায়াত কর্মীদের মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটক করে রেখেছে। আমি অনতিবিলম্বে শীর্ষ নেতৃবৃন্দসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি করছি।










