কানাডায় ফেসবুক-ইন্সটাগ্রামে স্থায়ীভাবে সংবাদ প্রকাশ বন্ধ করতে যাচ্ছে তাদের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা।
বুধবার (২ আগস্ট) কানাডায় নিযুক্ত স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটির পাবলিক পলিসির প্রধান র্যাচেল কারেন বিষয়টি নিশ্চিত করেন।
র্যাচেল কারেন জানান, কানাডার সরকার সম্প্রতি অনলাইন নিউজ অ্যাক্ট বিল সি-১৮ পাশ করে। যা বাধ্যতামূলক করে যে, গুগল ও মেটার মতো অন্যান্য টেক কোম্পানির প্লাটফর্মগুলোতে যেসব সংবাদ সংস্থা সংবাদ প্রকাশ করে থাকে, লিংক ক্লিক প্রতি তাদের অর্থ প্রদান করতে হবে। ক্ষতিপূরণ স্বরূপ এই আইনের ব্যবস্থা করেছে বলে জানায় কানাডার সরকার।
কারণ, বিভিন্ন টেক কোম্পানির প্লাটফর্মগুলো এক প্রকার উন্মুক্ত। তাই সংবাদ সংস্থাগুলোর কন্টেন্ট স্বত্ব দেয়া ছাড়াই নিজস্ব কন্টেন্ট হিসেবে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। তাদের কন্টেন্টগুলো অন্যরা নিজেদের মতো করে ব্যবহার করছে। প্রচার-প্রচারণা ডিজিটাল প্লাটফর্ম নির্ভর হয়ে পড়ায় এতে করে সংবাদ সংস্থাগুলোও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এতে রাজস্ব আয়ও কিছুটা হ্রাস পেয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড











