গত ৩০ আগস্ট তালেবানের বেধে দেওয়া সময়ের আগেই আফগানিস্তানের মাটি ত্যাগ করেছে মার্কিন সেনারা। তবে তার আগে ১ লাখ ২৩ হাজার মার্কিনি ও তাদেরকে সহায়তাকারী আফগান নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
আমেরিকার হয়ে কাজ অনেক আফগানকে উদ্ধার করে আমেরিকাসহ বিভিন্ন দেশে নেওয়া হলেও আফগানিস্তানেই ফেলে রেখে এসেছে বহু সংখ্যক মিত্র সাংবাদিককে, যারা আমেরিকার অর্থায়নে পরিচালিত গণমাধ্যমে কাজ করতেন। আফগানিস্তানের মাটি ত্যাগ করার সময় তাদেরকে রেখেই চলে গেছে মার্কিন বাহিনী।
মার্কিন গণমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর বরাত দিয়ে ‘আল-জাজিরা’ জানিয়েছে, আফগানিস্তানে ছাড়া পড়া এসব সাংবাদিকের মধ্যে এমন শতাধিক গণমাধ্যমকর্মী রয়েছেন, যারা কাজ করতেন মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি লিবার্টির আফগান শাখা ও রেডিও ইউরোপে। তাদের পরিবারে রয়েছে চার শতাধিক সদস্য যারা সবাই ছাড়া পড়েছেন আফগানিস্তানে।











