দুই দশক ধরে মার্কিন ও তার মিত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার পর আবারও আফগানিস্তানে সরকার গঠন করতে যাচ্ছে তালেবান। সংগঠনটি ইতোমধ্যে নিজেদের নিয়ন্ত্রিত আফগানিস্তানের প্রতিটি প্রদেশে গভর্নর, জেলা ও প্রদেশ জেলা গভর্নর এবং পুলিশ চীফ নিয়োগ করেছে। তারই অংশ হিসেবে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের স্থানীয় সময় বাদ জুম’আ মন্ত্রীসভা ঘোষণা করবে। মন্ত্রীসভা ঘোষণার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে তারা।
জানা যায়, তালেবান প্রধান বা আমীরুল মুমিনীন শায়খুল হাদীস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা সরকারের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হবেন না। তবে তার অধীনে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী থাকবেন।
এদিকে তালেবানের নতুন সরকারের নেতৃত্বে থাকবেন সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক অফিসের প্রধান মোল্লা আব্দুল গনি বেরাদার। তিনটি সূত্রের বরাতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
একইসঙ্গে তালেবানের প্রতিষ্ঠাতা বা সাবেক আমীরুল মুমিনীন মোল্লা ওমরের ছেলে মোল্লা মুহাম্মাদ ইয়াকুব এবং শের মোহাম্মদ আব্বাস স্তানাকজাই নতুন সরকারে জ্যেষ্ঠ অবস্থান পাবেন।
এছাড়া নামপ্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা রয়টার্সকে বলেছেন, সব শীর্ষ নেতা কাবুলে পৌঁছেছেন। নতুন সরকার ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।












