ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এক মুহূর্তের জন্যও সম্পর্ক প্রতিষ্ঠা করবে না বলে জানিয়েছেন তালেবান নেতা ডক্টর মুহাম্মদ নাঈম।
তালেবানের কাতার ভিত্তিক রাজনৈতিক দপ্তরের মুখপাত্র ডক্টর নাঈম বলেন, ‘আল-জাজিরা টিভি চ্যানেলে গতরাতে আমার যে সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছে সেটাকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছেন। কিন্তু বায়তুল মুকাদ্দাসের বিষয়ে আমাদের নীতি-অবস্থান স্পষ্ট। আমরা এর আগেও বলেছি মসজিদুল আকসা হচ্ছে মুসলমানের প্রথম কেবলা। এটি সব মুসলমানের কাছে পবিত্র। এছাড়া ফিলিস্তিনে ইসরাইল যা করছে তা মহাজুলুম, এটা সবার কাছে স্পষ্ট। আমরা এক মুহূর্তের জন্যও এই জালিমের পাশে থাকতে পারি না।’
তিনি আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ডক্টর নাঈম গতকালের সাক্ষাতকারে বলেছিলেন বিশ্বের কোনো দেশের সঙ্গেই তাদের সমস্যা নেই। তারা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রস্তুত।
এরপরই তার বক্তব্যের নানা ব্যাখ্যা হতে থাকে। অনেকেই বলতে থাকেন, ইসরাইলের সঙ্গেও তালেবানের সমস্যা নেই।
অবশ্য তালেবানের প্রভাবশালী নেতা সোহেইল শাহিনও এর আগে স্পষ্ট করে জানিয়েছেন, তারা ইহুদিবাদী ইসরাইল ছাড়া বিশ্বের অন্য সকল দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী।
সূত্র : পার্সটুডে











