বেআইনিভাবে আটকে রাখা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই করতে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
আন্তর্জাতিক আদালতে পিটিআই নেতার প্রতিনিধিত্ব করবেন ব্রিটিশ ব্যারিস্টার জিওফ্রে রবার্টসন।
তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছর সাজা পাওয়ার পর থেকে পাঞ্জাবের আটোক কারাগারে বন্দি আছেন ইমরান খান।
ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা বাতিল করে তাকে জামিন দিলেও গোপন নথি (সাইফার) ফাঁসের মামলায় বিচারিক রিমান্ড মঞ্জুর হওয়ায় আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে।
ওদিকে পিটিআইয়ের নেতা ও সাবেক মন্ত্রী সৈয়দ জুলফি বুখারি সামাজিক যোগাযোগমাধ্যমে একই পোস্ট শেয়ার করে লিখেছেন, বেআইনি আটক সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন এমন বহু শত মানুষের পক্ষে সফলভাবে প্রতিনিধিত্ব করেছেন রবার্টসন। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে জেনেভায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার পক্ষে সফল প্রতিনিধিত্ব করেছেন।










