পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির পঞ্চম সাধারণ সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সভায় সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আহসান লাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক ও সিনেট সদস্য।
বুধবার রাতে জাহিদ আহসান বলেন, ‘আমার মা অসুস্থ। আমার পরিবারকে সময় দেওয়া দরকার। এমনিতেও আগামী ১২ সেপ্টেম্বর আমাদের কাউন্সিল। আমাদের তেমন সময়ও নেই। তাই পদত্যাগ করেছি।
তিনি বলেন, আজ (বুধবার) আমাদের সভা ছিল। সেখানে দুই ঘণ্টা সবার সঙ্গে আলোচনা করে আমি পদত্যাগ করেছি। আমি আগামীতে জাতীয় নাগরিক পার্টির মূল দলে যোগ দেব। এনসিপির রাজনীতিই করব।’
সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বলেন, সংগঠনের পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৫ সালের ৩১ অক্টোবর এনসিপির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি করা হয় জাহিদ আহসানকে এবং সাধারণ সম্পাদক হন আবু বাকের মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।
এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) নাম পরিবর্তন করে জাতীয় ছাত্রশক্তি করার এক সপ্তাহের মধ্যে সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।











