spot_img

বিএনপির ক্ষমতায় আসার দুঃস্বপ্ন কখনো সফল হবে না: শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও আপস করেননি। কাজেই অস্থিতিশীলতা সৃষ্টি করে আওয়ামী লীগ বা সরকারকে ভয়-ভীতি দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের ম্যান্ডেট না নিয়ে যেনতেন উপায়ে বিএনপির ক্ষমতায় আসার দুঃস্বপ্ন কখনো সফল হবে না। কারণ, নেতৃত্ব ও আদর্শহীন বিএনপির ওপর মানুষের আস্থা নেই।

মঙ্গলবার (৪ জানুয়ারি) খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জন্য শিপইয়ার্ডের নবনির্মিত ইলিশ গবেষণা জাহাজ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি-জামায়াত ইমেজ সংকটে পড়েছে। আবার যদি কেউ সেই চেষ্টা করে তাহলে দেশের মানুষই তাদের কঠোরভাবে মোকাবিলা করবে।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ ম রেজাউল বলেন, এ দেশটা আইনসঙ্গতভাবে চলবে। দেশের সর্বোচ্চ আইন সংবিধান। সংবিধানে যা নেই সেরকম কোনো আবদার মেনে নেওয়ার সুযোগ থাকবে না। অসাংবিধানিক কোনো দাবি আইনের শাসনের পরিপন্থি। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি সংবিধানসম্মত নয়। তাই এ দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। খুলনা শিপইয়ার্ডে গবেষণা জাহাজ তৈরি আমাদের সক্ষমতার পরিচয়। জাহাজ নির্মাণে ভবিষ্যতে আমরা বিদেশের ওপর নির্ভর করবো না। প্রধানমন্ত্রী প্রায়ই নিজেদের সক্ষমতা বাড়ানোর কথা বলেন। আজ দেশের মানুষের সাংবিধানিক মৌলিক চাহিদা পূরণ সম্ভব হয়েছে। এরইমধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিশ্বের বিস্ময় হবে বাংলাদেশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ