ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রী মাওলানা নূর জালাল জালালি দেশটির স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো ও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে মানবিক ও স্বাস্থ্য সহায়তাকে রাজনৈতিক ইস্যুর সঙ্গে যুক্ত না করার ওপর জোর দিয়েছেন তিনি।
জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের (ইউএনএএমএ) মানবাধিকারবিষয়ক প্রধান ফিওনা ফ্রেজার ও তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেন মাওলানা নূর জালাল জালালি। জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে দেশের স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, স্বাস্থ্যসেবা প্রদানে সমতা বাড়ানো, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর সঙ্গে কার্যকর সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়।
মাওলানা নূর জালাল জালালি আন্তর্জাতিক সংস্থা ও আফগানিস্তানের স্বাস্থ্য খাতের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখা ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতের প্রয়োজনীয়তা বিবেচনায় মানসম্মত ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং তা অব্যাহত রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, মানবিক ও স্বাস্থ্য সহায়তাকে রাজনৈতিক ইস্যুর সঙ্গে যুক্ত করা উচিত নয়। আফগান জনগণের প্রয়োজন, মানবিক নীতিমালা ও স্বাস্থ্য খাতের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে সময়মতো এসব সহায়তা পৌঁছে দেওয়া উচিত।
সূত্র : পাজওয়াক আফগান নিউজ











