আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী ১৯৯৬ সালের মতো আবারও একজোট হয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’
প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে এক যুবকের ফেসবুক পোস্টে স্নাইপার দিয়ে হত্যার হুমকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার উৎসাহ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
জামায়াতের আমীরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমীর বারবার রাজনৈতিক মিথ্যাচার করছেন। তিনি আগে জাসদ ছাত্রলীগ করতেন এবং সন্ত্রাসে জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। তিনি প্রশ্ন করেন, জামায়াতে যোগ দেওয়ার পর কি তিনি মিথ্যা বলা ছেড়ে দিয়েছেন?
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











