‘বট ও গুপ্ত’ শুধু জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগের মধ্যে নয়, বিএনপির মধ্যেও আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, ‘বট-গুপ্ত শুধু আওয়ামী লীগ বা জামায়াতে নেই, নিজেদের দলেও আছে। হিংসা থেকে অপপ্রচার চালিয়ে কোনো লাভ নেই। আসুন, ভালো কাজকে উৎসাহিত করি। বগুড়ার স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হই।’
বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত ২০ বছরে বগুড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। আওয়ামী লীগ সরকার উত্তরাঞ্চলের মানুষকে উন্নয়নের নামে ধোঁকা দিয়েছে। ওয়ান-ইলেভেনের সরকারও ভয়ংকর স্বৈরাচার ছিল। এসব কর্মকাণ্ড ভুলে যাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাস করেন। তিনি বগুড়াকে আলাদাভাবে দেখেন না। দেশের সব অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
করতোয়া নদী খনন ও পুনঃখনন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, কাটাখালী থেকে চার কিলোমিটার এলাকায় নদী খনন ও পুনঃখননের জন্য ১ হাজার ৯৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং নদীকেন্দ্রিক উন্নয়নে ১ হাজার ৫৬২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ ও বগুড়াকে আলাদাভাবে দেখতে চান না। সরকার দেশের সব অঞ্চলের সুষম উন্নয়নে বিশ্বাসী।
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবারের দুর্গোৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী ঢাকার বাইরে গিয়ে দেশের তিনটি অঞ্চলে দুর্গাপূজা পরিদর্শন করেছেন।











