চার দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সফরে তার সঙ্গে থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মাদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।
সফরকালে মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি, সীরাত মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামপন্থি রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফরসঙ্গীদের নিয়ে দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সফরসঙ্গীদের।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন মাওলানা মামুনুল হক।
চার দিনের সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।











