spot_img
spot_img

দেশের সব সার কারখানা দ্রুত চালু করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

দেশের সব সার কারখানার উৎপাদন পুনরায় চালু করে ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গ্যাস সংকটের কারণে গত বছরের ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে চলতি বছরের মধ্যেই গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিসিআইসি চেয়ারম্যান।

মো. বাবুল মিঞা বলেন, বিসিআইসির কারখানাগুলো দ্রুত সচল করতে চান তারা। বর্তমানে দেশে বছরে প্রায় ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালু রাখা এবং পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের চাহিদা মিটিয়েও সার রপ্তানি করার সক্ষমতা অর্জন সম্ভব।

তিনি বলেন, গ্যাস সংকটই বর্তমানে প্রধান সমস্যা। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাগুলো চালু করতে কাজ করছে বিসিআইসি। কারখানাগুলো চালু হলে সার আমদানির ওপর নির্ভরতা কমবে এবং প্রায় ২২ হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

আশুগঞ্জ সার কারখানা পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আলী আশরাফ, উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ